বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় শহর বিশাখাপত্তনমসহ আশপাশের কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রোববার (১২ জুলাই) স্থানীয় সময় ভোর ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে, কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
বিশাখাপত্তনমের গাজুওয়াকা, মাঙ্গালাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালতাইর, আরিলোভা, এমভিপি কলোনি ও আপ্পুঘারসহ বিভিন্ন এলাকায় বাসিন্দারা কম্পন অনুভব করেন। এছাড়া অনাকাপল্লি, ভিজিয়ানাগারাম, কাকিনাডা ও কোনাসীমা জেলার কিছু এলাকাতেও ভূমিকম্পের প্রভাব পড়ে।
ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS) জানিয়েছে, এটি একটি অগভীর ও মৃদু ভূমিকম্প। বিশেষজ্ঞদের মতে, অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে তুলনামূলক স্থিতিশীল হওয়ায় আতঙ্কিত হওয়ার কারণ নেই।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে একই অঞ্চলে আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেবারও কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
দেশ বাংলা টিভি ডেক্স